নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনকে ঘিরে রাজ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে। শুক্রবার কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠন এবং সিজেপি-এর প্রতিবাদ কর্মসূচির দিনেই পালটা রাস্তায় নামছে সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠন। ছাত্র, শিক্ষক এবং শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন সংগঠনকে নিয়ে রাজ্যজুড়ে মিছিল, পথসভা ও প্রচার কর্মসূচির সূচনা হচ্ছে আজ থেকেই।\
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় মিছিল করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল সিজেপি। তবে সেই অনুমতি মেলেনি। এরপর বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে যৌথভাবে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এদিন এসএফআই-সহ আটটি বাম ছাত্র সংগঠন 'রাত জাগো, দেশ জাগো' কর্মসূচির ডাক দিয়েছে। অন্যদিকে, সঙ্ঘ পরিবারের দাবি, নিট আন্দোলনের নামে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেই কারণেই পালটা জনমত গড়ে তুলতে 'শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ' নামে একটি যৌথ ব্যানারে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মঞ্চে রয়েছে এবিভিপি (ABVP), শিক্ষক-অধ্যাপকদের সংগঠন এবিআরএসএম, বিএসএম, বিদ্যা ভারতী-সহ শিক্ষা ক্ষেত্রের একাধিক সংগঠন।
শুক্রবার থেকেই উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে কর্মসূচির সূচনা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। সংগঠন সূত্রে খবর, খুব শীঘ্রই কলকাতাতেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে। সঙ্ঘ পরিবারের দাবি, প্রশ্নফাঁসের পর পুনঃপরীক্ষা এবং ফল প্রকাশের মতো পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তাই আন্দোলনের নামে হিংসা বা অশান্তির কোনও প্রয়োজন নেই। সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি সংগঠনগুলির।
বিষয় : BengalPolitics StudentProtest abvp neetpaperleak sfi cjp

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন