গুরুত্বপূর্ণ মামলার শুনানির আগেই বড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের পক্ষে আর সওয়াল করবেন না আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে এসএসসির নতুন আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে ইন্দ্রনীল রায়কে। আর জুনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীত রায়।
শুক্রবার কলকাতা হাই কোর্টে এসএসসির মেয়াদোত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। তার ঠিক আগের রাতেই এই রদবদলের সিদ্ধান্ত কার্যকর করা হয়। সূত্রের খবর, সদ্য নিযুক্ত এসএসসি চেয়ারম্যান তথা আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালার উদ্যোগেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলতি মাসেই তিনি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজ্যের মুখ্যসচিব ছিলেন। পরে তাঁকে দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনার হিসেবে পাঠানো হয়। বর্তমানে সেই দায়িত্বের পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের দায়িত্বও সামলাচ্ছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এসএসসির একাধিক গুরুত্বপূর্ণ মামলায় কমিশনের হয়ে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে আর এসএসসির মামলায় আদালতে বিশেষ দেখা যাচ্ছিল না। এদিকে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে এসএসসিকে ঘিরে এখনও বহু মামলা বিচারাধীন। আর এই পরিস্থিতিতেই আইনজীবী বদলের সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন