দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গের আকাশে এখনও মেঘের ঘনঘটা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। তবে স্বস্তি ফিরলেও পুরোপুরি দুর্যোগ কাটেনি। অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার পর্যন্ত কলকাতার কয়েকটি জায়গায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বেশিদিন না। মঙ্গলেই বদলে যেতে পারে আবহাওয়ার ছবি। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণে আপাতত স্বস্তি মিললেও, উত্তরবঙ্গের জন্য এখনও রয়েছে চিন্তার খবর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির জেরে ধস নামার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন