কলকাতাঃ প্রশাসনের ‘গ্রাউন্ড রিপোর্ট’ নিতে এবার নিজেই পথে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগাম কোনও খবর ছিল না। বুধবার সকালে একের পর এক থানা, লালবাজার ও দমকল সদর দপ্তর পরিদর্শন করলেন তিনি।
প্রথমে বন্দর এলাকার ওয়াটগঞ্জ থানায় যান মুখ্যমন্ত্রী। এরপর পরিদর্শন করেন একবালপুর থানা। সেখানে তিনি থানার কাজকর্ম, রেজিস্টার এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন । বন্দর এলাকার থানাগুলিতে মহিলাদের সাহায্যের জন্য হেল্পডেস্ক তৈরির কাজ কতটা এগিয়েছে, সেই বিষয়েও খোঁজ নেন। থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডিসি পোর্ট। পুলিশকর্মীদের সঙ্গে কথাও বলেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি যান কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে। সেখানে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে বৈঠক করেন। লালবাজার থেকে বেরিয়ে দমকলের সদর দপ্তরে পৌঁছন মুখ্যমন্ত্রী। দমকলের প্রস্তুতি এবং পরিকাঠামো নিয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি, কোনও দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দমকল বাহিনী কত দ্রুত পরিষেবা দিতে পারবে, সেই বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
জানা গিয়েছে, আজ মুখ্যমন্ত্রীর পুরো কর্মসূচিই ছিল আচমকা। আগে থেকে এই পরিদর্শনের বিষয়ে কোনও পরিকল্পনাই ছিল না। প্রশাসনের কাজকর্মে কেমন চলছে, কোনও গাফিলতি রয়েছে কি না, তা সরাসরি খতিয়ে দেখতেই এই সারপ্রাইজ ভিজিট বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর পাশাপাশি আচমকা পরিদর্শনে বের হন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে হাসপাতালের পরিষেবা এবং বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ নেন তিনি।
বিষয় : CM Suvendu Adhikari Surprise Visit

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন