শাহরুখ খানকে এক ঝলক দেখার জন্য মন্নতের সামনে ভিড় করেন অসংখ্য অনুরাগী। বিশেষ করে জন্মদিন বা কোনও বিশেষ দিনে তাঁর বাড়ির ব্যালকনিতে এসে হাত নাড়ার মুহূর্ত আমাদের সকলেরই চেনা। কিন্তু মন্নতের রেনোভেশনের কারণে সেই চেনা দৃশ্যেই আপাতত ছেদ পড়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘AskSRK’ সেশনে এক অনুরাগী প্রশ্ন করেন, যদি ব্যালকনিতে এসে আর ভক্তদের দেখা না দেন, তা হলে মন্নত বিক্রি করে দেওয়াই ভালো! সেই প্রশ্নের উত্তরেই শাহরুখ জানান, বাড়িতে নতুন একটি গ্যালারি তৈরি হচ্ছে। সেখান থেকেই ভবিষ্যতে আরও ঝলমলে হয়ে অনুরাগীদের দেখা দেবেন তিনি। এমনকী নতুন গ্যালারিতে দাঁড়ানোর সময় ধরার জন্য কোনও হ্যান্ডেল থাকার আশাও প্রকাশ করেছেন অভিনেতা। মন্নত অবশ্য শাহরুখের কাছে শুধু একটি বিলাসবহুল বাড়ি নয়। ১৯৯৭ সাল থেকেই বাড়িটি কেনার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা। শেষ পর্যন্ত ২০০১ সালে সেই স্বপ্ন পূরণ হয়। বর্তমানে সেই বাড়ির মূল্য কয়েকশো কোটি টাকা বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।
তবে বাড়ির কাজের পাশাপাশি পেশাগত দিক থেকেও বেশ ব্যস্ত অভিনেতা। দীর্ঘ অপেক্ষার পর তাঁর পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। সম্প্রতি জল্পনা তৈরি হয়েছিল যে, ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে। ‘AskSRK’ সেশনেই সেই গুঞ্জনের জবাব দিয়েছেন শাহরুখ। তাঁর বক্তব্য, ‘এবার তো পুরো ছবিটাই দেখুন। আপনাদের অপেক্ষায় রাখছি না। ভালো একটা ছবি তৈরি করছি যাতে মনটা তৃপ্ত হয়। সবকিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগেই।’ এই ছবিতে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শাহরুখকে। ছবিতে অ্যাকশন থেকে শুরু করে তাঁর লুক সবকিছুর জন্যই বেশ পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন অভিনেতা।
বিষয় : Shahrukh Khan Bollywood

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন