কলকাতা: যেকোনও মুহূর্তে পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কা। আর, সেই কারণেই এবার আইনি রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবীর পক্ষ থেকে এই রক্ষাকবচের আবেদন জানানো হয়। আদালত পরিস্থিতি বিবেচনা করে তৃণমূল বিধায়ককে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার পৈলানে অবস্থিত তাঁর বিলাসবহুল প্রাসাদোপম রিসর্ট ছেড়ে কার্যত ‘বেপাত্তা’ ছিলেন এই হেভিওয়েট তৃণমূল নেতা। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তাঁর কোনও সন্ধান পায়নি। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে জানতে পেরেই শেষ পর্যন্ত আইনি সুরক্ষার পথ বেছে নেন তিনি।
যেকোনও মুহূর্তে পুলিশ তাঁকে হেফাজতে নিতে পারে, এই আশঙ্কা থেকেই তড়িঘড়ি তাঁর আইনজীবী মারফত শুক্রবার কলকাতা হাইকোর্টে আবেদন জানান বিষ্ণুপুরের বিধায়ক। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা করার অনুমতি দেওয়ায় আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিষয় : CalcuttaHighCourt tmcmla dilipmandal

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন