কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক বামফ্রন্টের। শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত হল বামেদের ১১ দফার নির্বাচনী ইস্তেহার। যেখানে একদিকে যেমন সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে 'ফ্রি বিদ্যুৎ' বণ্টনের কথা ঘোষণা করা হয়েছে, তেমনই নারী সুরক্ষায় 'অভয়া' আবেগ হাতিয়ার করে একগুচ্ছ বৈপ্লবিক প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে।
১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে!
বামেদের এবারের ইস্তেহারে সবথেকে বড় চমক বিদ্যুৎ পরিষেবায় ছাড়। জানানো হয়েছে, যাঁরা আয়কর দাতা নন, এমন প্রতিটি পরিবারকে প্রতিমাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। শুধু তাই নয়। এর পরবর্তী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে অর্ধেক দামে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোটারদের টানতে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
নারী সুরক্ষায় 'অভয়া বাহিনী'
আরজি কর কাণ্ড পরবর্তী 'অভয়া' আন্দোলনকে রাজনৈতিক দিশা দিতে ইস্তেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারী সুরক্ষায়। রাজ্যে মহিলাদের নিরাপত্তার খাতিরে বিশেষ 'অভয়া বাহিনী' গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্ট। এছাড়াও, মহিলাদের ক্ষমতায়ন ও সুরক্ষায় একগুচ্ছ নতুন প্রকল্পের কথা বলা হয়েছে ইস্তেহারে।
লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হবে?
তৃণমূলের সমাজকল্যাণমূলক প্রকল্প বা ভাতা নিয়ে বামেরা বরাবরই সরব। তবে, ছাব্বিশের ইস্তেহারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট করে দিয়েছেন, বর্তমানে মহিলারা যে ভাতা পাচ্ছেন তা বন্ধ হবে না। বরং প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা বাড়িয়ে ৬ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগের বার্তা
বেকার যুবক-যুবতীদের জন্য বামেদের ইস্তেহারে রয়েছে বড় ঘোষণা। যথা - প্রতিটি পরিবারে অন্তত একজনের জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা। আগামী ৫ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা। প্রতিবছর স্বচ্ছতার সাথে SSC ও PSC পরীক্ষা নেওয়া। যুবদের সমাজসেবা ও উৎপাদনমুখী কাজে নিয়োগ করে ভাতার ব্যবস্থা করা।
কমিশনের বিরুদ্ধে সরব বিমান বসু
ইস্তেহার প্রকাশ করে বিমান বসু অভিযোগ করেন, রাজ্যে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, "হিন্দু-মুসলমান নির্বিশেষে অনেকের নাম কাটা হয়েছে। নির্বাচন কমিশন যা করছে, তা অন্যায়।" মোথাবাড়ি ও কালিয়াচকের ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।
তৃণমূলের 'ভাতা' বনাম বামেদের 'ভবিষ্যৎ'— ছাব্বিশের মহারণে বামেদের এই ১১ দফার 'বিকল্প ইস্তেহার' সাধারণ মানুষের মনে কতটা জায়গা করে নেয়, এখন সেটাই দেখার।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন