শিলিগুড়ি: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার জল্পনা কি তবে শেষ? দিল্লির কূটনৈতিক অলিন্দ থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। বিহারের কিছু অংশ ও উত্তরবঙ্গকে নিয়ে নতুন কোনও রাজ্য নয়, বরং শিলিগুড়িকে কেন্দ্র করে 'ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন' (NSR) গড়ার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। যার লক্ষ্য হল - স্পর্শকাতর 'চিকেনস নেক' ও শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিশ্ছিদ্র করা এবং এই অঞ্চলের অর্থনৈতিক চেহারা আমূল বদলে দেওয়া।
শোনা যাচ্ছে, দিল্লির 'এনসিআর' (NCR)-এর ধাঁচেই তৈরি হতে পারে এই বিশেষ অঞ্চল। পাহাড় ও সমতল মিলিয়ে একটি সুসংহত পরিকাঠামো তৈরি করা হবে। যার নাম দেওয়া হতে পারে 'ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন প্ল্যানিং বোর্ড'।
এখানে কেন্দ্রের সরাসরি নজরদারি থাকলেও রাজ্যের সমান অংশীদারিত্ব থাকবে। ফলে রাজ্যের সীমানা বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কোনও আঘাত লাগবে না। প্রতিরক্ষা, যোগাযোগব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য থাকবে আলাদা কেন্দ্রীয় তহবিল।
এনএসআর তকমা পেলে শিলিগুড়ি হয়ে উঠবে নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান লজিস্টিক হাব। এখানে বড় মাপের 'ড্রাই পোর্ট' তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে -
১. পরিবহণ, প্যাকেজিং এবং সাপ্লাই চেনে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
২. পাহাড়ের ইকো-সিস্টেম রক্ষা করেই গড়ে উঠবে আন্তর্জাতিকমানের আইটি পার্ক ও হসপিটালিটি সেক্টর।
৩. বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশনের আধুনিকীকরণ আসবে এক ছাতার তলায়।
বিশেষজ্ঞদের মতে, এই কৌশলী পদক্ষেপে একদিকে যেমন বঞ্চনার অভিযোগ মিটবে, তেমনই দুর্বল হবে পৃথক রাজ্যের দাবি। 'চিকেনস নেক' বা শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের স্থলপথের সিংহভাগ বাণিজ্য চলে। সামরিক ও আধাসামরিক বাহিনীর রসদ সরবরাহের জন্য এখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সরাসরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
'অ্যাক্ট ইস্ট পলিসি' সফল করতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়াতে শিলিগুড়িকে এই বিশেষ মর্যাদা দেওয়া 'গেম চেঞ্জার' হতে পারে বলে মনে করছে নয়াদিল্লি। এখন দেখার, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়।
বিষয় : NORTH EAST INDIA West Bengal indian Security

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন