আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। একদিকে ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর (SIR) মামলা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক-সহ একাধিক পক্ষের বিরুদ্ধে ইডি-র করা মামলা। দুই মামলার গতিপ্রকৃতির ওপর রাজ্যের আগামী নির্বাচনী ভবিষ্যৎ ও রাজনৈতিক সমীকরণ অনেকটাই নির্ভর করছে।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এসআইআর মামলার শুনানি হওয়ার কথা। আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই প্রায় ২৯ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি করা হয়েছে এবং সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করেছে কমিশন।
তবে মূল উদ্বেগ এখনও কাটেনি। কারণ, অ্যাডজুডিকেশন তালিকায় থাকা অর্ধেকেরও বেশি নামের নিষ্পত্তি হওয়া এখনও বাকি। ট্রাইব্যুনালের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তির আগেই কি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব? কোনো বৈধ ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার উপায় কী? আজ সওয়াল-জবাবের মাধ্যমে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজতে পারে শীর্ষ আদালত।
অন্যদিকে, বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে আজ আইপ্যাক মামলার শুনানি রয়েছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পক্ষের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) যে মামলা করেছে, তার আইনি বৈধতা নিয়ে আজ আলোচনা হবে। গত শুনানিতে মূল প্রশ্ন উঠেছিল—মৌলিক অধিকার খর্বের অভিযোগে ইডি আদেও মামলা করতে পারে কি না। আজ এই বিষয়ে বিস্তারিত সওয়াল হওয়ার কথা রয়েছে।
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের আজকের এই জোড়া শুনানি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। আদালতের পর্যবেক্ষণ বা কোনো অন্তর্বর্তী নির্দেশ বাংলার ভোটের ময়দানে বড় প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন