কলকাতা: স্বাধীনতার ৮০তম বর্ষে রেড রোডে দেখা গেল এক অন্য ছবি। শনিবারের সকাল শুরু হল দেশাত্মবোধের আবহে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসের বিশেষ এই অনুষ্ঠানে রেড রোডে বেজে ওঠে ‘বন্দে মাতরম’। এদিনের অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয় রাজ্য পুলিশের ১৪ জন আইপিএস আধিকারিককে। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ‘মুখ্যমন্ত্রীর পদক’। কুচকাওয়াজেও ছিল নতুনত্বের ছোঁয়া। প্রথমবার প্যারেড পরিচালনার দায়িত্বে দেখা যায় কম্যান্ডার এবং সহকারী দুজনকেই। এরপর একে একে রেড রোডে হাজির হয় ১২টি ট্যাবলো। সেখানে উঠে আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অন্নামৃত, কন্যারত্ন, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির ও দুর্গাশক্তি বাহিনীর মতো বিভিন্ন বিষয়। [TECHTARANGA-POST:11681]রেড রোডের দায়িত্ব ভাগ করা হয়েছিল ১৩টি জোন ও ৮০টি সেক্টরে। পুলিশের পাশাপাশি এ বছর মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও। অতিরিক্ত প্রায় তিন হাজার পুলিশকর্মী শহরের নিরাপত্তায় দায়িত্বে ছিলেন। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে এদিন সকাল থেকেই রেড রোডে ছিল উৎসবের আবহ, আর শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তার বলয়।