বাঁকুড়া: বাংলায় রাজনৈতিক পালাবদলের আবহেই বড় চমক। তৃণমূল কংগ্রেস ছাড়লেন বাঁকুড়া তথা বঙ্গ রাজনীতির অত্যন্ত আলোচিত মুখ সুজাতা মণ্ডল। বুধবার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি ঘাসফুল শিবিরের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন তিনি। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির জয়ে আগেই আনন্দ প্রকাশ করেছিলেন সুজাতা। আর, তার কয়েকদিনের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল।
এদিন বাঁকুড়ার জেলাশাসকের দফতরে গিয়ে জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সুজাতা। দল ছাড়ার কারণ হিসাবে তৃণমূলের একাংশ নেতৃত্ব এবং ভোটকুশলী সংস্থার উপর তাঁর দীর্ঘদিনের অভিমানের কথা প্রকাশ করেছেন তিনি। সুজাতার দাবি, দলের অন্দরে যোগ্য সম্মান না পাওয়া এবং বিশেষ কিছু কৌশলের কারণেই তিনি এই চূড়ান্ত পদক্ষেপ করেছেন।
২০১৯-এর লোকসভা ভোটে যখন আইনি জটিলতায় তৎকালীন স্বামী সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে ঢুকতে পারেননি, তখন একার হাতে লড়াই চালিয়ে সৌমিত্রকে জিতিয়েছিলেন সুজাতা। এরপর পারিবারিক ও রাজনৈতিক টানাপোড়েনে তিনি তৃণমূলে যোগ দেন এবং সৌমিত্রের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করলেও জয়ের মুখ দেখেননি তিনি। তবে, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনে জিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছিলেন।
তৃণমূল ছাড়লেও সুজাতা মন্ডল এখনই অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কিনা, তা স্পষ্ট করেননি। বিশেষ করে তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ যেখানে বিজেপির দাপুটে সাংসদ, সেখানে সুজাতা ফের পদ্ম শিবিরে ফিরবেন কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও সুজাতা নিজে জানিয়েছেন, আপাতত কোনও দলে যাওয়ার ইচ্ছা তাঁর নেই।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন