হাওড়া: বাংলায় রাজনৈতিক পরিবর্তনের হাওড়া বইতেই কি এবার ভাঙন শুরু হল ঘাসফুল শিবিরে? ভোট পরবর্তী হিংসা এবং দলের অন্দরে ‘কদম কদম’ বাধায় তিতিবিরক্ত হয়ে এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন হাওড়া পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। বৃহস্পতিবার নিজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করেন তিনি।
ভোট মিটতে না মিটতেই যেভাবে রাজনৈতিক হিংসার ছবি সামনে আসছে, তা নিয়ে সরব হয়েছেন সুজয়। বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যেভাবে রাজ্যে খুনের রাজনীতি শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে একটা নৈরাজ্য তৈরি হয়েছে। রাজ্যের গায়ে কালি পড়ছে। এই পরিস্থিতিতে দলের সঙ্গে থাকা আর সম্ভব নয়, তাই আমি পদত্যাগ করতে বাধ্য হলাম।”
হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক থাকাকালীন তাঁর অভিজ্ঞতার কথাও এদিন উগড়ে দেন সুজয় চক্রবর্তী। তাঁর অভিযোগ, মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে তিনি দলে যোগ দিলেও তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব বারবার তাঁর কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই বিরক্তি থেকেই গত বছরের অক্টোবর মাসে তিনি প্রশাসনিক পদ ছেড়েছিলেন, আর এবার আনুষ্ঠানিকভাবে দলই ত্যাগ করলেন।
রাজনীতি ছেড়ে এবার কি তবে অন্য কোনও শিবিরে দেখা যাবে তাঁকে? এই প্রশ্নের উত্তরে সুজয়বাবু জানান, আপাতত কোনও রাজনৈতিক দলেই যোগ দিচ্ছেন না তিনি। পেশায় চিকিৎসক সুজয়বাবু এবার পুরোপুরি ডাক্তারিতেই মন দিতে চান এবং রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান!
ভোটের ফলাফল প্রকাশের মাত্র তিনদিনের মাথায় হাওড়ার হেভিওয়েট নেতার এই দলত্যাগ তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন