মুম্বই: রাজু, শ্যাম আর বাবুরাও - ভারতীয় সিনেমার এই আইকনিক ত্রয়ীকে পর্দায় ফিরে দেখার স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে? ‘হেরা ফেরি ৩’ নিয়ে গত কয়েক বছরের প্রবল উন্মাদনায় এবার জল ঢেলে দিলেন স্বয়ং অক্ষয় কুমার। এক ইউটিউব আড্ডায় অভিনেতা সাফ জানালেন, আইনি জটিলতায় বর্তমানে বিশ বাঁও জলে এই ছবির ভবিষ্যৎ। অক্ষয়ের আশঙ্কা, “এমন সময় যেন ছবিটা তৈরি না হয়, যখন আমরা বুড়িয়ে যাব!”
‘হেরা ফেরি ৩’ কেন দিনের আলো দেখছে না, তা নিয়ে মুখ খুলে অক্ষয় জানান, এই মুহূর্তে ছবির কাজ অন্তত এক বছরের জন্য স্থগিত। সমস্যাটি মূলত ছবির স্বত্ব বা রাইটস নিয়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছে দক্ষিণী প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’। প্রযোজক জি পি বিজয়কুমারের দাবি, ২০২২ সালেই তিনি এই ছবির সিক্যুয়েল বানানোর সমস্ত স্বত্ব কিনে নিয়েছেন। ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে সিক্যুয়েল করার আর কোনও আইনি অধিকার নেই।
এই ঘটনায় সবচেয়ে বড় মোড় হল, অক্ষয় কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থা ফিরোজের থেকেই সমস্ত নিয়ম মেনে এই ছবির স্বত্ব কিনেছিল। কিন্তু, বিজয়কুমারের দাবি অনুযায়ী, ফিরোজের কাছে এই সংস্থা বিক্রি করার অধিকারই ছিল না। ফলে ফিরোজের সঙ্গে অক্ষয়ও এই জটিল আইনি প্যাঁচে জড়িয়ে গিয়েছেন। অক্ষয় নিজেও মেনে নিয়েছেন যে - এমন কিছু চুক্তি-সংক্রান্ত সমস্যা রয়েছে যা তিনি প্রকাশ্যে বলতে পারবেন না।
প্রিয় অভিনেতা যখন নিজেই বলেন, “আপাতত কিছুই হচ্ছে না,” তখন দর্শকদের হতাশ হওয়া স্বাভাবিক। অক্ষয়ের কথায়, “এটা আমার কাছে একটা বিরাট ধাক্কা।” অভিনেতা আরও জানান, ছবির কাজ ক্রমশ পিছিয়ে যাওয়ায় তিনি চিন্তিত। তাঁর আশঙ্কা, আইনি জট কাটতে কাটতে তাঁরা যেন বার্ধক্যে না পৌঁছে যান! কারণ, ‘হেরা ফেরি’র সেই চিরচেনা এনার্জি ফুটিয়ে তুলতে রাজু-শ্যাম-বাবুরাওয়ের সেই পুরোনো মেজাজটাই আসল।
আপাতত আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, তার ওপরই নির্ভর করছে ২০০০ সালের সেই কালজয়ী কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের ভবিষ্যৎ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন