নয়াদিল্লি: দক্ষিণ ভারতের রাজ্য কেরালার দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। কেরালা থেকে রাজ্যের নাম বদলে ‘কেরলম’ রাখার প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নতুন পিএমও বিল্ডিং ‘সেবা তীর্থ’-এ আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের নাম পরিবর্তনের এই যাত্রাটি বেশ দীর্ঘ। প্রথমবার ২০২৩ সালের অগস্টে কেরালা বিধানসভায় সর্বসম্মতভাবে নাম পরিবর্তনের প্রস্তাব পাশ হয়েছিল। তবে, সেই সময় কিছু কারিগরি ও ভাষাগত অস্পষ্টতার কারণে কেন্দ্রের তরফে তা পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়। পরবর্তীতে, ২০২৪ সালের ২৫ জুন দ্বিতীয়বার বিধানসভায় প্রস্তাবটি পাশ করে কেন্দ্রের কাছে পুনরায় পাঠানো হয়েছিল।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। তাঁর যুক্তি ছিল, মালয়ালাম ভাষায় রাজ্যের আদি ও আসল নাম হল ‘কেরলম’। প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই মালয়ালিভাষী মানুষের স্বপ্ন ছিল একটি ‘অখণ্ড কেরলম’ গঠনের। রাজ্যের ইতিহাস ও মানুষের ভাবাবেগকে সম্মান জানাতেই সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সংশোধনীর দাবি জানিয়ে আসছিল রাজ্য সরকার।
রাজনৈতিক মহলের মতে, কেরালা বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রের বিজেপি সরকার এই প্রস্তাবে সিলমোহর দিয়ে স্থানীয় সংস্কৃতি ও ভাষার প্রতি নিজেদের ‘শ্রদ্ধা’ জাহির করল। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, গেরুয়া শিবির এই পদক্ষেপকে হাতিয়ার করে নির্বাচনের ময়দানে প্রচার চালাবে, তারা দক্ষিণ ভারতের আঞ্চলিক আবেগকে যথাযথ মর্যাদা দেয়। অন্যদিকে, বিজয়ন সরকারও এটিকে নিজেদের দীর্ঘ লড়াইয়ের জয় হিসাবেই তুলে ধরবে।
এখন শুধু অপেক্ষা সংবিধান সংশোধনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার। যার পরই সরকারিভাবে মানচিত্রে নাম বদলাবে এই দক্ষিণী রাজ্যের।
বিষয় : kerala Keralam Kerala Name Change

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন