রাজ্যে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এই প্রসঙ্গেই বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ডিম ছোড়ার ঘটনাকে তিনি সমর্থন করেন না। তবে মানুষের ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে ২০২১ সালের নন্দীগ্রামে তাঁর কনভয়ের উপর হামলার প্রসঙ্গ টেনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন।
বিধানসভায় শুভেন্দু বলেন, ২০১৮ সাল থেকেই রাজ্যে রাজনৈতিক হিংসার পরিবেশ তৈরি হয়েছিল, যার চরম রূপ দেখা যায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়। তাঁর দাবি, ফল ঘোষণার দিন নন্দীগ্রামে সার্টিফিকেট নিতে যাওয়ার সময় তাঁর উপর বড় পাথর ছোড়া হয়েছিল। সিআরপিএফের বুলেটপ্রুফ গাড়িতে থাকার কারণেই তিনি প্রাণে বেঁচে যান। সেই ঘটনার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি বলেন, এখন মানুষ ক্ষোভ প্রকাশে ডিম ছুড়ছেন, কিন্তু সেই সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না। এরপর একুশ-পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে প্রাক্তন সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান শুভেন্দু। বিরোধী কর্মীদের খুন, হামলা, বাড়িঘর ভাঙচুর এবং মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, সেই সব ঘটনার বিচার এখনও বাকি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, অতীতের সমস্ত অভিযোগের তদন্ত নতুন করে শুরু হবে। ভবানীভবনে পড়ে থাকা পুরনো অভিযোগের ফাইলও খোলা হবে বলে জানান তিনি। একইসঙ্গে গুন্ডাদমন আইন প্রয়োগ করে অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন