কলকাতা: ১৬ বছরে বিয়ে আর ১৭ বছর ছোঁয়ার আগেই কোলজুড়ে সন্তান! তিলোত্তমায় পরপর এমন একাধিক ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল লালবাজার। শহরজুড়ে বাল্যবিবাহের বাড়বাড়ন্ত রুখতে এবার এক অভূতপূর্ব ও কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। নাবালিকাকে বিয়ে এবং তার ওপর যৌন নির্যাতনের দায়ে এবার থেকে সোজা স্বামীদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে পকসো (POCSO) আইনে মামলা। সম্প্রতি একাধিক ক্ষেত্রে পুলিশের কাছে আসা এই মারাত্মক অভিযোগগুলির ওপর ভিত্তি করে শহরের প্রতিটা থানাকে চূড়ান্ত সতর্ক করেছেন পুলিশ কমিশনার নিজেই।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণিতে বিহার থেকে বিয়ে করে আসা এক কিশোরীকে অন্তঃসত্ত্বা অবস্থায় পুরসভার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ঘটনার প্রথম সূত্রপাত হয়। বয়স সংক্রান্ত নথি যাচাই করতেই চিকিৎসকের চোখ কপালে ওঠে— জানা যায় মেয়েটি নাবালিকা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর কলকাতার সিঁথি এলাকার দুটি পৃথক ঘটনা সামনে আসে। বরানগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন দুই অন্তঃসত্ত্বা তরুণীর পরিচয়পত্র দেখে চিকিৎসকরা বুঝতে পারেন দুজনেই নাবালিকা এবং ১৭ বছরের আগেই অন্তঃসত্ত্বা হয়েছে। মুহূর্তের মধ্যে হাসপাতালের পক্ষ থেকে সিঁথি থানায় ওই দুই নাবালিকার স্বামীদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধক আইন ও পকসো ধারায় মামলা করা হয়।
তদন্তে নেমে লালবাজারের পুলিশকর্তারা দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া বা স্থান সূত্রে আলাপের পর বিয়ে কিংবা জোরপূর্বক পড়াশোনা ছাড়িয়ে কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা এখনও বহাল রয়েছে। আর এই পুরো বিষয়টি ধরা পড়ছে সাধারণত সরকারি বা বেসরকারি হাসপাতালে গর্ভবতী হওয়ার চিকিৎসার সময়। বহু ক্ষেত্রে এলাকার প্রতিবেশীরা জেনেও পুলিশকে খবর দেন না।
এই চরম বাস্তবতার মোকাবিলায় এবার নতুন স্ট্র্যাটেজি নিয়ে ময়দানে নামছে লালবাজার। শহরজুড়ে ব্যাপক সচেতনতা বাড়াতে বিভিন্ন স্কুল, ক্লাব এবং স্থানীয় বাসিন্দাদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রীদের পাশাপাশি বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা কোনও নাবালিকাকে বিয়ে না করেন। লালবাজারের এক উর্ধ্বতন কর্তার কথায়, শহরের বুকে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে আইন ও সচেতনতার জোড়া ফলায় এগোবে পুলিশ প্রশাসন।
বিষয় : KOLKATAPOLICE LALBAZAR pocsoact childmarriage

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন