কয়েকদিনের বিরতির পর ফের জোরদার হতে চলেছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, কলকাতা-সহ গোটা রাজ্যেই আগামী কয়েকদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার, রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দেশের উপর একাধিক আবহাওয়া ব্যবস্থা সক্রিয় রয়েছে। রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে মণিপুর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি বিহার, বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয়। এই তিনটি সিস্টেমের প্রভাবেই বাংলাজুড়ে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবার কলকাতার আকাশ সারাদিনই মেঘলা থাকবে। দুপুর পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিকেলের পর বৃষ্টির দাপট কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবারও মোটামুটি একই রকম আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও এখনই স্বস্তি নেই। মঙ্গলবার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
বিষয় : WEATHER UPDATE West Bengal Monsoon

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন