লেকটাউন: পড়া শেখানোর পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে নেশার পানীয় খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। উত্তরের লেকটাউন থানা এলাকার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে বিধাননগর আদালতে তোলা হলে গোটা ঘটনায় পুলিশি তদন্তের দাবি জোরালো হয়েছে।
অভিযোগ, গত চারদিন আগে ওই ছাত্রীকে পড়ানোর কথা বলে নিজের বাড়িতে ডেকে পাঠান অভিযুক্ত গৃহশিক্ষক। ছাত্রীর অভিযোগ অনুযায়ী, পড়া শুরুর কিছুক্ষণ পর শিক্ষক তাঁকে একটি পানীয় খেতে দেন। ওই পানীয়ের মধ্যেই নেশাজাতীয় কোনো মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে কিছুক্ষণের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন কিশোরী। অভিযোগ, সেই অসহায় অবস্থার সুযোগ নিয়ে ওই ছাত্রীকে যৌন নির্যাতন করেন অভিযুক্ত। জ্ঞান ফেরার পর ছাত্রীটি অত্যন্ত অসুস্থ বোধ করলেও কোনোক্রমে সেখান থেকে বাড়ি ফেরেন এবং পরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলেন। নিজের মেয়ের ওপর এমন নৃশংস অত্যাচারের কথা শুনে স্তম্ভিত পরিবার সঙ্গে সঙ্গে লেকটাউন থানায় গিয়ে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে বিধাননগর আদালতে হাজির করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে। তবে আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত শিক্ষক নিজের দোষ সম্পূর্ণ অস্বীকার করে নিজেকে ‘নির্দোষ’ এবং ‘ফাঁসানো হয়েছে’ বলে দাবি করেন। এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে ক্ষোভের আবহ। একজন শিক্ষক কীভাবে ছাত্রীর সঙ্গে এমন জঘন্য আচরণ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। নাবালিকার নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে যে ভয় কাজ করছে, এই ঘটনা তাকে আরও বাড়িয়ে দিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন