গায়ে কটকি প্রিন্টের জামা, পরনে সাধারণ ট্রাউজার্স। রাস্তার ধারে উবু হয়ে বসে টিপে টিপে সবজি বাছছেন এক ব্যক্তি। প্রথম দেখায় তাঁকে চিনে উঠতে পারেননি অনেকেই। কিন্তু পরক্ষণেই চমকে ওঠেন বাজারে উপস্থিত মানুষজন, ইনি তো রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।
শুক্রবার সকালে বীরভূমের কোটাসুর বাজারে এমনই এক ছবি ধরা পড়ল। তবে যাঁরা দুধকুমারকে কাছ থেকে চেনেন, তাঁদের কাছে এই দৃশ্য নতুন নয়। সুযোগ পেলেই তিনি থলি হাতে বাজারে বেরিয়ে পড়েন। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই নিজের হাতে টাটকা সবজি বেছে কেনাকাটা করেন। এদিনও নিজের মেরুন রঙের স্কুটি নিয়ে বাজারে পৌঁছন কৃষিমন্ত্রী। সঙ্গে ছিল একটি হলুদ থলি। কোনও নিরাপত্তারক্ষী নেই, নেই কনভয়ের চাকচিক্য। বাজারে ঢুকে একটি সবজির দোকানের সামনে স্কুটি থামিয়ে এক এক করে পটল হাতে তুলে দেখতে শুরু করেন তিনি। পাশে রাখা ঢেঁড়স ও অন্যান্য সবজিও খুঁটিয়ে দেখেন। কিছুক্ষণ দরদাম করে সবজি কেনেন এবং দাম মিটিয়ে সেই থলি স্কুটির হ্যান্ডেলে ঝুলিয়ে ফের রওনা দেন।
বাংলাদেশে পাচারের আগেই বড় সাফল্য! সামসেরগঞ্জে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার যুবক
ময়ূরেশ্বরে থাকলে এটাই নাকি তাঁর নিত্যদিনের অভ্যাস। কখনও সিউড়ির বাজার, কখনও চায়ের দোকান, কখনও আবার স্থানীয় মানুষের সঙ্গে আড্ডা মন্ত্রীত্বের চাকচিক্যের বাইরে একেবারেই সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন দুধকুমার মণ্ডল। কোটাসুর বাজারে কৃষিমন্ত্রীর এই সহজ-সরল উপস্থিতি দেখে অনেকেই থমকে দাঁড়ান।
কেউ মোবাইলে ছবি তোলেন, কেউ আবার ভিডিও করেন। সেই ভিডিওই পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কারও মন্তব্য, “এমন মন্ত্রীই তো চাই।” আবার কেউ লিখেছেন, “মাটির মানুষ বলেই এখনও মানুষের এত কাছাকাছি।” মন্ত্রী হওয়ার পরেও জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসেনি দুধকুমারের। আর সেই কারণেই তিনি আজও সাধারণ মানুষের কাছে ‘পাশের বাড়ির মানুষ’ হিসেবেই পরিচিত।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন