রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেখানেই পদ্মভূষণ সম্মানে ভূষিত হন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। তবে সম্মান গ্রহণের মুহূর্তে তাঁকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীদের একাংশ। অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, নিজের নাম ঘোষণার পর ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন অলকা। মঞ্চে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রণাম করার পর ফেরার সময় নিরাপত্তারক্ষীদের সহায়তা নিতে দেখা যায় তাঁকে। সেই দৃশ্য দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, গায়িকার শারীরিক অবস্থা কি আগের চেয়ে আরও খারাপ হয়েছে? অনেকেই তাঁর শ্রবণশক্তি সংক্রান্ত সমস্যার প্রসঙ্গও তোলেন।
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেই নিজের শারীরিক অবস্থার কথা জানান অলকা। পদ্মভূষণ গ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি জানান, গত দু’বছর ধরে তিনি এক কঠিন স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন। সেই কারণেই দীর্ঘদিন জনসমক্ষে আসা প্রায় বন্ধ করে দিয়েছিলেন।
গায়িকা লেখেন, “প্রায় দু’বছর ধরে আমি জনসমক্ষে খুব একটা আসিনি। শারীরিক সমস্যার কারণে নিজেকে আড়ালে রেখেছিলাম এবং ব্যক্তিগত এই লড়াই নিয়ে খুব বেশি কথা বলিনি। আপনারা জানেন, আমি জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এই সময়ে অনুরাগীদের ভালবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছাই আমাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।”
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে শ্রমিকরা; মৃত্যুর আশঙ্কা
পদ্মভূষণ সম্মানকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে উল্লেখ করে অলকা জানান, এই স্বীকৃতি শুধু তাঁর একার নয়। বরং যাঁরা বছরের পর বছর তাঁর গান শুনেছেন, ভালবেসেছেন এবং তাঁর সঙ্গীতকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রেখেছেন, এই সম্মান তাঁদেরও।
আবেগঘন বার্তায় তিনি আরও লেখেন, “এই পুরস্কারে হয়তো আমার নাম রয়েছে, কিন্তু এর প্রকৃত অংশীদার আমার শ্রোতারাই। তাঁদের ভালবাসা ও সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব হত না। সামনে আমার আরও দীর্ঘ পথ চলা বাকি।”
প্রসঙ্গত, ২০২৪ সালে অলকা নিজেই জানিয়েছিলেন যে একটি বিমানযাত্রার পর আচমকাই তাঁর কানে গুরুতর সমস্যা দেখা দেয়। বিমান থেকে নামার পর হঠাৎই শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি অনুভব করেন। পরে চিকিৎসকদের পরামর্শে জানা যায়, তিনি একটি বিরল স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। সেই কারণেই দীর্ঘদিন মঞ্চ ও রেকর্ডিংয়ের কাজ থেকে দূরে থাকতে বাধ্য হন তিনি।
তবে শারীরিক লড়াইয়ের মধ্যেও দেশের অন্যতম শ্রেষ্ঠ নাগরিক সম্মান গ্রহণ করে অনুরাগীদের কাছে নতুন করে অনুপ্রেরণার বার্তা দিলেন গায়িকা। আর তাঁর কথাতেই স্পষ্ট, লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু আশাবাদ হারাননি তিনি।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন