২১ জুলাইয়ের মঞ্চ কার? ‘কালীঘাট’ তৃণমূলের নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলের, এই নিয়ে শুরু হয়েছিল টানাপোড়েন। এবার সেই সেই লড়াই গড়াল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসেও। আগামী ২৮ আগস্ট প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে পুলিশের কাছে অনুমতি চাইল ঋতব্রত শিবির। সূত্রের খবর, কয়েকদিন আগেই এই মর্মে আবেদন জমা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, কোনও নির্দিষ্ট জায়গার উল্লেখ না করে একাধিক সম্ভাব্য ভেন্যুর কথা উল্লেখ করে পুলিশের কাছে অনুমতি চেয়েছে ‘আসল’ তৃণমূল। যদিও ঠিক কোন কোন জায়গার জন্য আবেদন করা হয়েছে তা প্রকাশ্যে আনেননি সংগঠনের নেতারা। তাঁদের বক্তব্য, আইন মেনেই কর্মসূচি হবে এবং সভাস্থল নির্ধারণ করবে পুলিশ। প্রসঙ্গত, গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তৈরি হয়েছে দুই শিবির। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট’ তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল। ফলে এবার প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়েও তুঙ্গে জল্পনা।
জানা গিয়েছে, ২৮ আগস্টের সভা সফল করতে ইতিমধ্যেই জেলা নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছে ঋতব্রত শিবির। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে বেশি সংখ্যক ছাত্র-যুবকে আনার লক্ষ্যে সেখানে আলাদা করে সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে। ছাত্র সংগঠনের সভাপতি সুদীপ রাহা গোটা প্রস্তুতির দায়িত্বে রয়েছেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে, কালীঘাট তৃণমূলও প্রতিষ্ঠা দিবস পালন করবে বলে স্পষ্ট করেছে। দলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়ালেও মানুষ তাঁর পাশেই থাকবে। অনুমতি নিয়ে যত টানাপোড়েন হবে, মানুষের সমর্থন ততই বাড়বে।"

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন