হাই কোর্টে মিলল না স্বস্তি। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য প্রয়োজন বিদেশ যাওয়ার। কিন্তু মিলছে না অনুমতি। তাই অনুমতি চেয়ে শীর্ষ আদালতের কাছে পৌঁছলেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানা গিয়েছে, আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে তিনি দাবি করেছেন, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। ডিজে-সংক্রান্ত মামলায় কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। কিন্তু চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মিলছে না। তাই এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। কিন্তু আদালত প্রশ্ন তোলে, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়াই কেন প্রয়োজন, যখন কলকাতাতেই উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে? বিচারপতি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন। প্রয়োজন হলে সেখানে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের কথাও জানান। একইসঙ্গে চিকিৎসার রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্য ছিল, আবেদনকারীর স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বিবেচনা করেই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। যদিও সেই মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন