কলকাতা: ২১ জুলাইয়ের পর এ বার ২৮ অগস্ট! তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের প্রকাশ্যে দুই তৃণমূল শিবিরের চরম দড়ি টানাটানি। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে আড়াআড়ি বিভক্ত হয়ে যাওয়া কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের সংঘাত এ বার আরও এক ধাপ বাড়ল। অতীতে ২১ জুলাই পালন নিয়ে আইনি ও রাজনৈতিক যুদ্ধে জড়িয়েছিল দুই পক্ষ। এ বার প্রতিষ্ঠা দিবসের সভাস্থল হিসেবে ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক।
ইতিমধ্যেই প্রতিষ্ঠা দিবস পালনে কোমর বেঁধে নেমে পড়েছে ঋতব্রতপন্থী তৃণমূলের ছাত্র সংগঠন। কোহিনূর মজুমদার ও সুদীপ রাহাদের নেতৃত্বাধীন এই শিবির ছোট ছোট বৈঠক সেরে গান্ধীমূর্তির পাদদেশে সভা করার জন্য পুলিশের কাছে আবেদন জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, পিছিয়ে নেই কালীঘাটপন্থী শিবিরও। নতুন করে সংগঠিত হওয়া কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনও একই দিনে ওই একই জায়গায় সভা করার জন্য পুলিশের অনুমতি চাইবে বলে জানা গিয়েছে। ফলে ২১ জুলাইয়ের মতোই ২৮ অগস্টেও একই স্থান ও কর্মসূচিকে ঘিরে বড়সড় আইনি এবং রাজনৈতিক জটিলতার পুনরাবৃত্তি ঘটার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, দল ভাঙনের পর কে আসল তৃণমূল, আর কার হাতে থাকবে প্রতীক ও দলের তহবিল— তা নিয়ে লড়াই গড়িয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। ২১ জুলাইতেও দেখা গিয়েছিল ঋতব্রত শিবিরকে মেয়ো রোডে সভার অনুমতি দিলেও কালীঘাট শিবিরকে সভা করতে হয়েছিল বিড়লা তারামণ্ডলের সামনে হাইকোর্টের নির্দেশে। এ বার ২৮ অগস্টের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার রাশ কার হাতে থাকে এবং পুলিশ কাকে সভার সবুজ সংকেত দেয়, সে দিকেই আপাতত নজর রাজনৈতিক মহলের।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন