ভোটার তালিকার জট, থমকে গেল পিএইচডির পথ! ভোটার তালিকায় নাম বাদ যেতে এবার বাধা পড়ল উচ্চশিক্ষার পথেও। IIT কানপুরে পিএইচডি ভর্তি আটকে যাওয়ার ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে IIT কানপুরের পদার্থবিদ্যা বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন আয়ান নওয়াজ। কিন্তু ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যাওয়ার পাশাপাশি SIR আপিল ট্রাইব্যুনালে আবেদনটি বিচারাধীন থাকায় ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে। সেই কারণে আদালতে দ্রুত আপিলের নিষ্পত্তির নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। বিষয়টি শুনে বিচারপতি কৃষ্ণা রাও জানান, SIR আপিলে দেরির জন্যই আবেদনকারীর ভর্তি আটকে রয়েছে। তাই এক সপ্তাহের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করার অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় যেসব নাম নিয়ে আপত্তি উঠেছে, সেগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাই অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে।
SIR-এ যেসব ভোটারের নাম নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তাঁরা প্রয়োজনীয় নথি নিয়ে ট্রাইব্যুনালে আবেদন জানাচ্ছেন। কলকাতার জোকায় এই ট্রাইব্যুনালের দফতর চালু হয়েছে। সেই দফতরে আবেদনগুলির শুনানি ও নিষ্পত্তির কাজ চলছে।
বিষয় : SIR Calcutta High Court

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন