নতুন দিল্লি: ইডি-র হাতে ৪৪০ কোটি টাকার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলায় সুপ্রিম কোর্টেও আপাতত কোনো সুরাহা পেল না কালীঘাট তৃণমূল। স্থগিতাদেশ পাওয়ার আশায় শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়লেও সোমবার কোনো অন্তর্বর্তী স্বস্তি মেলেনি জোড়াফুল শিবিরের। বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মঙ্গলবার এই মামলায় ইডি ও শাসকদল— দুই পক্ষেরই বিস্তারিত বক্তব্য শোনা হবে। তার পরই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
সোমবার শুনানির শুরুতেই তৃণমূলের পক্ষে সওয়াল করে প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং মেনকা গুরুস্বামী দাবি করেন, মূল অ্যাকাউন্টগুলি ইডি সম্পূর্ণ ফ্রিজ করে দেওয়ায় দলের দৈনন্দিন সাংগঠনিক কাজ স্তব্ধ হওয়ার মুখে। এমনকি প্রায় ২১৫ জন কর্মী ও আধিকারিকের বেতন আটকে রয়েছে বলে আকুতি জানান তাঁরা। কিন্তু তৃণমূলের এই অর্থসংকটের দাবি সম্পূর্ণ নস্যাৎ করে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতকে জানান, তৃণমূলের কাছে অন্যত্র ১৬৪ কোটি টাকার বিপুল তহবিল রয়েছে। ফলে মূল অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় দল চালাতে না পারার দাবি ভিত্তিহীন।
উল্লেখ্য, অন্য একটি আলাদা মামলায় পুলিশ কর্তৃক ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট স্পেশ্যাল অফিসার নিয়োগ করে শর্তসাপেক্ষে অর্থ ব্যবহারের অনুমতি দিলেও, ইডির নিয়ন্ত্রণে থাকা ৪৪০ কোটি টাকার প্রধান তিনটি অ্যাকাউন্ট পুরোপুরি তালাবন্ধই রইল। সব সওয়াল-জবাব শুনে সুপ্রিম কোর্ট মূল বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। তবে দৈনিক দলীয় খরচ মেটাতে আদালতের নিযুক্ত প্রশাসকের মাধ্যমে কিছুটা অর্থ ছাড় দেওয়া যায় কি না, তা নিয়ে মঙ্গলবারের শুনানিতে কেন্দ্রীয় সংস্থার মতামত চাওয়া হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন