শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি। কখনও ঝলমলে রোদ, আবার হঠাৎ এক পশলা বৃষ্টি এমন আবহাওয়ারই সাক্ষী শহরবাসী। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও প্রায় একই ছবি। তবে আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির হাত থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়ার দাপট আরও কিছুটা বেশি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, তবে বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। এদিকে, বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন