নিট প্রশ্নফাঁসের প্রতিবাদের প্রভাব এবার কলকাতাতেও। শুক্রবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার ধর্মতলা চত্বর। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠন ও ‘ককরোচ জনতা পার্টি’-র ডাকা মিছিল ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ডোরিনা ক্রসিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং RAF।
শুক্রবার দুপুর প্রায় ৩টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়। ভারতের ছাত্র ফেডারেশন (SFI)-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের পাশাপাশি তাতে যোগ দেন CJP-র সদস্যরাও। পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে শহরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান তোলেন। একই সঙ্গে ‘রাত জাগো’ কর্মসূচিরও ডাক দেওয়া হয়। ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের আটকে দেওয়ার চেষ্টা করলে লাঠিচার্জ করা হয়। অন্যদিকে পুলিশ সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে পুলিশের দিকে জুতো ও বোতল ছোড়ার অভিযোগও উঠেছে। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ছাত্র আন্দোলন চলছে। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া সেই আন্দোলনের প্রভাব এবার কলকাতাতেও স্পষ্ট। সোনম ওয়াংচুক অনশন তুলে নিলেও আন্দোলন থামেনি। প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবুও শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে আন্দোলন জারি রেখেছেন বিক্ষোভকারীরা।
বিষয় : Kolkata CJP Protest

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন