মেদিনীপুরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির রেশ এবার মেদিনীপুর কলেজে। ক্যাম্পাসের মধ্যেই এসএফআই ও এবিভিপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির পালটা মিছিল ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার পরদিনই মেদিনীপুর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনা সামনে এল। অভিযোগ, এদিন কলেজ ক্যাম্পাসে দু’পক্ষের মধ্যে প্রথমে তুমুল বচসা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এই ঘটনার সূত্রপাত অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুধবার রাতের অশান্তি থেকে। জিবি মিটিংকে কেন্দ্র করে অরবিন্দ ভবনে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বৈঠক চলাকালীন এবিভিপির কয়েক জন সদস্য সেখানে ঢুকে পড়েন। পাল্টা তাঁদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ঘটনার পর দু’পক্ষই নিজেদের মতো করে কর্মসূচি নেয়। বৃহস্পতিবার পৃথক মিছিল বের করে এসএফআই ও এবিভিপি। সেই মিছিল ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষতিগ্রস্ত হয় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীকের একটি অংশও।
তারই রেশ এবার এসে পড়ল মেদিনীপুরে। কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েক জন কর্মী-সমর্থক জখম হয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি, বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার অভিযোগও তুলেছে দু’পক্ষ। ঘটনার জেরে কলেজের আশপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ে সাধারণ পড়ুয়াদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক।
বিষয় : Jadavpur University Medinipur College

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন