কলকাতাঃ রাজ্য সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এবার রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। সংশ্লিষ্ট কর্মীরা আদৌ বকেয়া ডিএ পাবেন কি না, তা লিখিতভাবে জানাতে হবে রাজ্য সরকারকে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল, ইতিমধ্যেই ৬৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের দাবি, তাঁদের বকেয়া এখনও মেটেনি। সরকারি কর্মীদের ক্ষেত্রে টাকা দেওয়ার কথা বলা হলেও তাঁদের কেন বঞ্চিত রাখা হচ্ছে, সেই প্রশ্নই তুলেছে শিক্ষকদের সংগঠন এবিটিএ। এই বিষয়টি নিয়ে হাই কোর্টে মামলা করে সংগঠনটি। মামলাকারীদের বক্তব্য শোনার পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে হবে।
এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য যে হিসাব দিয়েছিল, তাতে সরকারি কর্মী, সরকারপোষিত কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে মোট প্রায় ৪২ হাজার কোটি টাকা খরচের কথা জানানো হয়েছিল। এর মধ্যে রাজ্যের তরফে জানানো হয় যে সরকারপোষিত কর্মীদের জন্যই ১৮,৩৬৯ কোটি টাকা প্রয়োজন।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন