ছেঁড়া, জোড়া লাগানো নোট নিয়ে নিত্যদিনের সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সেই সমস্যার সমাধানে এবার নতুন উদ্যোগ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশে পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে প্লাস্টিক বা পলিমার নোট।
বুধবার এই পরিকল্পনার কথা জানান আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তাঁর বক্তব্য, সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই। বিশেষ ধরনের পলিমার দিয়ে তৈরি হওয়ায় এই নোট সহজে নষ্ট হবে না। বিশ্বের একাধিক দেশে দীর্ঘদিন ধরে এই ধরনের নোট ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন, “পলিমার নোট তৈরির জন্য ইতিমধ্যেই বিশেষ উপাদানের টেন্ডার ডাকা হয়েছে। এরপর ফিল্ড ট্রায়াল এবং প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অর্থবর্ষের শুরুতেই বাজারে দেখা যেতে পারে নতুন নোট।” তবে প্রাথমিকভাবে ১০ টাকা ও ২০ টাকার পলিমার নোট পরীক্ষামূলকভাবে চালু করা হবে। জানা গিয়েছে, ১০০ কোটি ১০ টাকার এবং ১০০ কোটি ২০ টাকার পলিমার নোট ফিল্ড ট্রায়ালের জন্য ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু নতুন নোট বাজারে এলেও পুরনো কাগজের নোট বাতিল হচ্ছে না।
আরবিআইয়ের মতে, পলিমার নোট চালুর দুটি মূল উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এগুলি দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আর সহজে নষ্টও হবে না। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদে নোট ছাপানোর খরচও কমতে পারে। কাগজের নোটের তুলনায় পলিমার নোট প্রায় চার গুণ বেশি টেকসই বলেও দাবি করা হয়েছে।
বিষয় : Indian Currency RBI

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন