আইফোন, অ্যান্ড্রয়েড এসবের যুগে এসেও এখনও কিপ্যাড ফোন ব্যবহার করছেন? হাতে স্মার্টফোন নেই, ইন্টারনেটও নেই, তাই অনলাইন পেমেন্ট করা সম্ভব হয় না? অগত্যা পকেটে নগদ টাকা নিয়েই ঘুরতে হচ্ছে?
এতদিন উত্তরটা ছিল প্রায় ‘না’। কিন্তু এবার সেই ছবিটাই বদলাতে চলেছে।
কারণ আপনার হাতে যদি থাকে একটা সাধারণ কিপ্যাড ফোন, তাহলেও এবার সেই ফোন দিয়েই করা যাবে UPI পেমেন্ট! অর্থাৎ, অনলাইন লেনদেনের জন্য সবসময় দামি স্মার্টফোন কিংবা দ্রুতগতির ইন্টারনেট; কোনোটারই দরকার হবে না।
এই নতুন সুবিধা আনছে PhonePe। আর পরিষেবাটির নাম UPI 123Pay।
মানে এখন থেকে ইন্টারনেট ছাড়াই টাকা পাঠাবেন!
শুনতে একটু অবাক লাগছে, তাই তো?
আসলে UPI 123Pay এমন প্রযুক্তির উপর কাজ করবে, যেখানে প্রতিটি কাজের জন্য ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করতে হবে না। SMS-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে 2G নেটওয়ার্কেও এই পরিষেবা ব্যবহার করা যাবে।
ফলে যেখানে ইন্টারনেট দুর্বল, কিংবা একেবারেই নেই, সেখানেও ফিচার ফোন ব্যবহারকারীরা ডিজিটাল পেমেন্টের সুবিধা পেতে পারেন।
শুধু দোকানে টাকা দেওয়া নয়, পরিচিত কাউকে টাকা পাঠানো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা, এমনকি আগের লেনদেনের হিসেব দেখার সুবিধাও থাকবে কিপ্যাড থেকেই।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। জানুন, কিভাবে চালু করবেন এই পরিষেবা।
1. প্রথমে আপনার ফিচার ফোনে থাকা PhonePe অ্যাপটি খুলতে হবে।
2. তারপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বেছে নিতে হবে।
এরপর ডেবিট কার্ডের শেষ ছয়টি সংখ্যা এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ দিতে হবে।
3. এই তথ্য যাচাই হয়ে গেলে নিজের UPI PIN সেট করতে হবে।
4. ব্যস, রেজিস্ট্রেশন হয়ে গেলে শুরু হয়ে যাবে পরিষেবা।
5. এরপর যাঁকে টাকা পাঠাতে চান, তাঁর মোবাইল নম্বর, কনট্যাক্ট ডিটেইলস কিংবা UPI ID ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন।আর আপনার ফিচার ফোনে ক্যামেরা থাকলে QR Code স্ক্যান করেও পেমেন্ট করা যেতে পারে।
তবে পেমেন্টের আগে একটা জিনিস অবশ্যই করবেন। প্রাপকের ডিটেইলস আর টাকার অঙ্ক ভালো করে মিলিয়ে নেবেন। তারপর UPI PIN দিলেই লেনদেন সম্পূর্ণ।
এখানেই অবশ্য শেষ নয়।
আগামী দিনে ফিচার ফোন থেকেই বিল মেটানো, মোবাইল রিচার্জের মতো সুবিধাও যুক্ত হতে পারে। এমনকি আধার-ভিত্তিক UPI রেজিস্ট্রেশনের ব্যবস্থাও আনার পরিকল্পনা রয়েছে।
তবে আপাতত সব ফোনে এই পরিষেবা পাওয়া যাবে না।
প্রথম ধাপে HMD, Nokia, Lava International এবং Itel Mobile-এর নির্দিষ্ট কিছু মডেলে UPI 123Pay-এর সুবিধা পাওয়া যাবে। পরে আরও বেশি ফিচার ফোনে এই পরিষেবা পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন