নিট প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল দেশ। দিকে দিকে ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন। এবার আন্দোলনের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। শনিবার সকালে নিজেই একটি ভিডিও বার্তায় তিনি জানান, রক্ত পরীক্ষার রিপোর্টে তাঁর টাইফয়েড ধরা পড়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে এবং প্রতিদিন আইভি ড্রিপও নিতে হচ্ছে।
ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরীক্ষার রিপোর্টে টাইফয়েড ধরা পড়ার পর চিকিৎসা শুরু হয়েছে। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ হলেও আন্দোলন চলবে বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে দেশজুড়ে আন্দোলনে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ।
'বার্গার পিজ্জা খেয়ে রাস্তায় জোশ!' আন্দোলনকারীদের কটাক্ষ
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। আন্দোলনের সাফল্যের জন্যও তিনি শুভেচ্ছা জানান। উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সেই আন্দোলনে প্রথমে অনশন শুরু করেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে ককরোচ জনতা পার্টিও আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেয়। সোনম ওয়াংচুক অনশন তুলে নেওয়ার পর আন্দোলনের নেতৃত্বে সামনে আসেন অভিজিৎ দীপকে। তিনি গত ১৮ জুলাই থেকে অনশন চালিয়ে যাচ্ছেন।
সোনম ওয়াংচুক অনশন ভাঙার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছিলেন। অন্যদিকে, ককরোচ জনতা পার্টিও সোনমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছিল, দেশের স্বার্থে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সংগঠন স্পষ্ট করেছে, তাদের মূল দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন