বাঙালির কাছে দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেল হপিং, অঞ্জলি আর খাওয়াদাওয়া নয়। এই চারদিন প্রেমেরও একটা আলাদা আবহ থাকে। অষ্টমীর অঞ্জলিতে ম্যাচিং পোশাক থেকে শুরু করে পুজোর রাতে একসঙ্গে ঠাকুর দেখা, প্রেমিক-প্রেমিকাদের এমন নানা মুহূর্ত চোখে পড়ে শহরজুড়ে। আর সেখানেই অনেক সময় সিঙ্গলদের মনে উঁকি দেয় একটাই প্রশ্ন, ‘আমার সঙ্গী কোথায়?’
বন্ধুদের পুজোর প্ল্যান যখন তৈরি হয় জোড়ায় জোড়ায়, তখন অনেক সিঙ্গলই শেষ পর্যন্ত একাই ঘোরেন। কারও আবার পুজোর বেশিরভাগটা বাড়িতেই কেটে যায়। এবার সেই একাকিত্ব কাটানোর জন্যই আসছে অভিনব এক ডেটিং অ্যাপ ‘পুজো ডেট’। নাম থেকেই পরিষ্কার, পুজোর দিনগুলিতে পছন্দের একজন সঙ্গী খুঁজে দেওয়াই এই অ্যাপের মূল ভাবনা। জানা যাচ্ছে, ব্যবহারকারীরা নিজেদের বয়স, ছবি এবং পুজোর কোন দিন তাঁরা সময় দিতে পারবেন, সেই তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করতে পারবেন। শুধু দিন জানালেই হবে না, কোন সময় এবং কতক্ষণের জন্য সঙ্গী চাই, সেটাও বেছে নেওয়ার সুযোগ থাকবে।
এরপর সেই নির্দিষ্ট সময়ের স্লটের তথ্য পৌঁছে যাবে সম্ভাব্য সঙ্গীদের কাছে। পছন্দ হলে তাঁরা সেই স্লট বেছে নিতে পারবেন। ম্যাচ হলে শুরু হবে সরাসরি কথাবার্তা। ব্যক্তিগত চ্যাটে পরিচয় ও পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলে নেওয়ার পর দুজনের সম্মতিতে ঠিক করা যাবে দেখা করার পরিকল্পনা। অর্থাৎ পুজোর দিন আর ‘সবাই ব্যস্ত, আমি একা’ বলে মন খারাপ করার প্রয়োজন নেই। আর গল্পটা যদি পুজোর চারদিনেই থেমে না যায়? পুজোর সঙ্গী থেকেই যদি তৈরি হয়ে যায় মনের মানুষ, তাহলে তো সোনায় সোহাগা! তবে এখনই প্লে স্টোরে গিয়ে খুঁজলে মিলবে না ‘পুজো ডেট’। অ্যাপটি এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এটি প্লে স্টোরে পাওয়া যাবে বলেই জানা গিয়েছে।
বিষয় : Durga Puja 2026 Durga Puja Lifestyle

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন