কলকাতা: দুর্গাপুজোর বিশেষ প্রিভিউ শো এবং পাস বিক্রি ঘিরে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্য রাজনীতিতে বড়সড় তোলপাড় শুরু হয়েছে। তদন্তের সূত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের বাড়িতে আচমকা হানা দিয়েছেন। তবে এই তল্লাশি অভিযানে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে, তা হল 'মাস আর্ট'-এর ব্যানারে দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে যাওয়া বাসগুলির শেষ গন্তব্য কেন হত প্রাক্তন মন্ত্রীর বাড়ির নীচে থাকা 'মায়া আর্ট গ্যালারি'? পুরো বিষয়টি এখন ইডির আতসকাচের তলায় রয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, 'মাস আর্ট' নামক অলাভজনক সংস্থার নামে দুর্গাপুজো পরিক্রমার আয়োজন করা হলেও, সেই সুযোগে বিশাল অঙ্কের ব্যক্তিগত আর্থিক লাভ তোলা হত বলে তীব্র অভিযোগ উঠেছে। দেশ-বিদেশের পর্যটকদের শহরের সেরা পুজো মণ্ডপ দেখানোর নাম করে নিয়ে যাওয়া হত ইন্দ্রনীলের বাসভবনের নীচে অবস্থিত বাণিজ্যিক আর্ট গ্যালারিতে। সেখানে প্রদর্শিত অত্যন্ত মহার্ঘ্য হস্তশিল্প, শাড়ি ও পেন্টিং পর্যটকদের কাছে বিক্রি করা হত। একটি নন-প্রফিট সাংস্কৃতিক প্ল্যাটফর্মের পর্যটক প্রবাহকে ব্যবহার করে কোনো ব্যক্তিগত বাণিজ্যিক সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল কি না, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের তির এখানেই শেষ নয়। ইডি সূত্রের দাবি, প্রিভিউ শো এবং পাস বিক্রির নামে সাধারণ মানুষ ও পর্যটকদের কাছ থেকে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। ইউনেস্কোর নাম ভাঙিয়ে এবং মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক প্রভাবশালীদের নাম জড়িয়ে এই বিশাল কর্মকাণ্ড পরিচালিত হত বলে ইডি সূত্রে খবর। এমনকি এই চক্রে তৎকালীন সচিবালয়ের এক ওএসডি (OSD)-র ভূমিকাও তদন্তকারীদের রাডারে রয়েছে। বিপুল পরিমাণ অর্থের ব্যাঙ্ক ট্রেইল এবং কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে এর অংশ পৌঁছেছিল কি না, তা বের করতেই মঙ্গলবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন ইন্দ্রনীল সেন। তবে তদন্তকারীদের মূল নজর এখন 'মানি ট্রেইল'-এর দিকে। পাস বিক্রির কোটি কোটি টাকা কোন অ্যাকাউন্টে ঢুকেছিল এবং 'মাস আর্ট'-এর সঙ্গে এই আর্ট গ্যালারির কী গোপন আর্থিক লেনদেন ছিল, তা বের করতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পরীক্ষা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন