মুম্বইঃ পায়ে ওয়াকিং বুট, আর ক্যাপশনে মজার ছলে লেখা ‘ব্রেক আ লেগ’! সমাজমাধ্যমে নিজের পায়ের চোটের কথা প্রকাশ্যে এনে অনুরাগীদের উদ্বেগ বাড়ালেন সিদ্ধার্থ মলহোত্রা। ১৩ অক্টোবর, মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে পায়ের একটি ছবি ভাগ করে নেন তিনি। ছবিতে তাঁর পায়ে দেখা যাচ্ছে চিকিৎসার জন্য ব্যবহৃত বিশেষ ওয়াকিং বুট। সঙ্গে অভিনেতার রসিক মন্তব্য, “আমি ‘ব্রেক আ লেগ’ কথাটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি।”
তবে অভিনেতার চোট কতটা গুরুতর তা নিয়ে কিছু জানা জায়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন নাকি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন কি না, সেই তথ্যও প্রকাশ্যে আসেনি। সম্প্রতি ব্যক্তিগত জীবনে আরও একটি সুখবর ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। গত ৭ অক্টোবর ইনস্টাগ্রামে যৌথ পোস্ট করে দ্বিতীয় সন্তান আগমনের কথা জানান তাঁরা। সেই আনন্দের আবহের মধ্যেই অভিনেতার চোটের খবর সামনে এল।
সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছে তমন্না ভাটিয়ার সঙ্গে ‘দ্য বন’ ছবিতে। দীপক কুমার মিশ্র পরিচালিত ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে বর্তমানে অভিনেতার চোট কতটা গুরুতর এবং কবে তিনি স্বাভাবিক হয়ে কাজে ফিরতে পারবেন, সেই দিকেই নজর অনুরাগীদের।
বিষয় : Sidharth Malhotra

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন