নয়া দিল্লি: নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে রাজপথে চলা দীর্ঘ উত্তেজনার মাঝে অবশেষে বরফ গলতে শুরু করল। সোমবার দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে তাঁর বাসভবনে জরুরি বৈঠকে বসলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা।
আন্দোলনকারীদের পক্ষ থেকে নাড্ডার হাতে একটি আনুষ্ঠানিক দাবি সনদ তুলে দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় সিজেপির মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সমস্ত দাবি গুরুত্ব সহকারে শুনেছেন এবং এই বিষয়ে বিজেপির অভ্যন্তরীণ মহলে ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্রুত কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আন্দোলনকারীদের পেশ করা চিঠিতে মূলত তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে— অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট কেলেঙ্কারির জেরে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান। নাড্ডার এই ইতিবাচক আশ্বাসের পরই সংসদের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে এলাকা ফাঁকা করেছে পুলিশ প্রশাসন। গত ২৮ জুন থেকে চলা সোনম ওয়াংচুকের অনশন ও আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, জে পি নাড্ডার সঙ্গে সিজেপি নেতাদের এই বৈঠক আন্দোলনের মোড় ঘোরাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
বিষয় : delhinews JPNADDA sonam wangchung neetscam

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন