অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। আগামী ১৬ অক্টোবর বড়পর্দায় আসছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’। ‘ধুমকেতু’র পর কয়েক দেব-শুভশ্রীর জুটিকে আবারও একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। তবে ছবি মুক্তির আগে জোরকদমে চলছে প্রচার। ত্রিপুরা থেকে শ্রীরামপুর, একের পর এক শহরে ছবিকে ঘিরে তৈরি হচ্ছে উন্মাদনা। এবার ৪ অক্টোবর শিলিগুড়িতে পৌঁছেছিলেন দেব ও শুভশ্রী। আর সেখানেই এমন এক মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত দর্শক ও সংবাদমাধ্যম, যা সহজেই মন ছুঁয়ে যায়।
শিলিগুড়ির অনুষ্ঠানে মঞ্চে ওঠেন দেব-শুভশ্রী। যেখানে তারকাদের দেখতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা, সেখানে ৮০ বছরের এক বৃদ্ধা অনুরাগী মঞ্চে উঠে দেবকে জড়িয়ে ধরেন। স্নেহভরা হাতে অভিনেতার মাথায় হাত বুলিয়ে গালে চুম্বনও করেন তিনি। দেবকে নিজের ‘নাতি’ বলেও সম্বোধন করেন তিনি। সঙ্গে করে বিশেষ একটি ফটোফ্রেমও নিয়ে এসেছিলেন ওই অনুরাগী। বয়সের ভারে শরীর কিছুটা অসুস্থ হলেও দেবকে একবার কাছ থেকে দেখার ইচ্ছেই তিনি অনুষ্ঠানে আসেন। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, দেবকে নিজের নাতির মতো ভালোবাসেন। তাঁকে মঞ্চে উঠে আসতে সাহায্য করেন শুভশ্রীও। এরপর অনুরাগীর পা ছুঁয়ে প্রণাম করেন দেব। স্বাভাবিকভাবেই গোটা মুহূর্তটি আরও আবেগঘন হয়ে ওঠে।
দেবের সঙ্গে ওই অনুরাগীর সাক্ষাতের ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে শিলিগুড়ির প্রচারে ফিরেছে পুরনো ‘দেশু’ নস্ট্যালজিয়াও। সেখানেই প্রকাশ্যে এল ছবির নতুন গান ‘আমার সবকিছুতেই’। নতুন গান প্রকাশের মুহূর্ত আরও আকর্ষণীয় করে তুলল শিলিগুড়ির অনুষ্ঠান।
বিষয় : Dev Shubhashree Ganguly

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন