বালিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী নুসরত বারুচা। শুটিং করতে গিয়ে গুরতর চোট পেয়েছেন অভিনেত্রী। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও, চিকিৎসকরা জানান তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। এরপর তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ে ফিরিয়ে আনা হল। এয়ার অ্যাম্বুল্যান্সে করে শুক্রবার রাতে তাঁকে শহরে আনা হয়েছে। মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বলিউড মহলে।
নুসরত বালিতে গিয়েছিলেন কাজের পাশাপাশি কিছুটা ছুটি কাটাতেও। চিকিৎসকদের পরামর্শেই তাঁকে মুম্বইয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় টিম। সেখানে পৌঁছনোর পর নুসরতকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্ট্রেচারে করে তাঁকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করেছেন।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার চিকিৎসকদের কড়া নিরাপত্তায় ছিলেন অভিনেত্রী। শুক্রবার বেলা গড়াতেই তাঁর টিমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়, “অভিনেত্রীর চিকিৎসা মুম্বইয়েই হবে। দুর্ভাগ্যজনকভাবে পয়লা অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েন নুসরত বারুচা। যার জেরে তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। বেশ কয়েকটি পরীক্ষার পর অভিনেত্রীর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।” অভিনেত্রীর পরবর্তী কাজের তালিকায় টাইগার শ্রফের সঙ্গে একটি ছবি রয়েছে। ছবির পরিচালনা করছেন রেমো ডি’সুজা। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি।
বিষয় : Nushrratt Bharuccha

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন