আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ বণ্টনকে কেন্দ্র করে ফের বিতর্কের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, আমফান পরবর্তী ত্রাণ বণ্টনে প্রায় ২৫০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
অভিযোগকারীর দাবি, ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের পর ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। নতুন বাড়ি নির্মাণের জন্য ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের জন্য ৫ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই ত্রাণ বণ্টন প্রক্রিয়াতেই ব্যাপক অনিয়ম এবং আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের একাংশ সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন, আবার অনেক ক্ষেত্রে ত্রাণের অর্থ বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
বিক্ষুব্ধ সাংসদদের মুখ হিসেবে উঠে আসছে কি নতুন নাম?
উল্লেখ্য, অভিজিৎ দাস দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবার এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। অতীতেও বিভিন্ন ইস্যুতে তিনি অভিষেকের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াইয়ে সরব হয়েছেন। যদিও এই অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে নতুন এই মামলা ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন