ওড়িশা: গ্রেপ্তারির আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। বাংলা থেকে ওড়িশায় পালিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারলেন না বিষ্ণুপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওড়িশা পুলিশের সহযোগিতায় আজ, বুধবার পুরীর বিলাসবহুল ‘হোটেল লিলি’ থেকে তাঁকে হাতেনাতে পাকড়াও করেছে। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই কার্যত বেপাত্তা ছিলেন এই শাসকদলের নেতা। তবে ওড়িশার জগন্নাথ ধামে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে ধরা পড়তেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
বিপদের সূত্রপাত সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল প্রকাশের পর। সমাজমাধ্যমে বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে প্রকাশ্য জনসভায় বিরোধী দল বিজেপিকে চরম হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তাঁকে কার্যত হুঙ্কার দিয়ে বলতে শোনা যায়, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” এই উসকানিমূলক ও বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসতেই বিধায়কের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের হয়। পরিস্থিতি বেগতিক বুঝে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচের আর্জি জানিয়ে মামলাও করেন তিনি। কিন্তু আদালত থেকে স্বস্তি মেলার আগেই বাংলা ছেড়ে ভিন রাজ্যে চম্পট দেন এই দাপুটে নেতা।
গত ১৪ মে সকালে পুলিশ এবং র্যাফ যখন দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে তল্লাশি চালাতে যায়, তখন বিধায়কের অন্দরমহলের বিলাসবহুল জীবনযাপন দেখে খোদ তদন্তকারীদেরই চোখ চড়কগাছ হয়ে যায়। সাধারণ একজন জনপ্রতিনিধির বাড়ির ভেতরেই রয়েছে আস্ত একটা ব্যক্তিগত চিড়িয়াখানা, একাধিক কোটি টাকার দামী গাড়ি, সুদৃশ্য সুইমিং পুল এবং দামি কাঠের আসবাবপত্র। শুধু তাই নয়, ওই প্রাসদোপম বাড়ির ভেতরে একটি গোপন গুহাও রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এই তল্লাশির পর থেকেই পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পায়। ইতিমধ্যেই গত ১৭ মে বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচজনকে আগ্নেয়াস্ত্র-সহ বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স। ছেলের পর এবার খোদ বিধায়ক বাবাও পুরীর হোটেল থেকে গ্রেপ্তার হওয়ায় বিষ্ণুপুর তথা দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণ যে ওলটপালট হতে চলেছে, তা বলাই বাহুল্য।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন