বারাসত: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে ফের উত্তপ্ত রাজ্য-রাজনীতি। বৃহস্পতিবার সকালে বারাসত হাসপাতালে পৌঁছে নিহত চন্দ্রনাথের পরিবারের সঙ্গে দেখা করার পর বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই হত্যাকাণ্ডকে "পরিকল্পিত, প্রতিহিংসাজনিত রাজনৈতিক খুন" বলে অভিহিত করে তাঁর হুঁশিয়ারি - "আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি। কিন্তু, বলব না।"
আগামী শনিবার ব্রিগেডে বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা রয়েছে। ঠিক তার ৪৮ ঘণ্টা আগে এই হত্যাকাণ্ড নিয়ে শমীক ভট্টাচার্যের প্রশ্ন, "প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়ার জন্যই কি এই হত্যা করা হল? নাকি বিজেপির বুকে আঘাত করার জন্য এটি করা হল?" তাঁর স্পষ্ট দাবি, স্থানীয় তৃণমূল নেতা বা দুষ্কৃতীদের মদত ছাড়া এই স্তরের পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো অসম্ভব।
বারাসত হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, গত ১৫ বছরে এই গোটা অঞ্চল সমাজবিরোধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি আরও দাবি করেন, "বারাসত-মধ্যমগ্রাম অঞ্চল সীমান্ত থেকে খুব একটা দূরে নয়। জাল সরকারি পরিচয়পত্র এবং রেশন কার্ড তৈরির চক্র এখানে সক্রিয়। ভারতের যে প্রান্তেই অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের সকলের যোগসূত্র মিলেছে এই অঞ্চলে।"
বুধবার রাতের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে শমীক জানান, শুভেন্দু অধিকারী যখন হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন, তখন তিনি জানতেন না চন্দ্রনাথ আর নেই। শুভেন্দু ভেবেছিলেন প্রচণ্ড রক্তপাত হচ্ছে এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাবেন। শমীক বলেন, "আমিই শুভেন্দুকে খবর দিলাম চন্দ্রনাথ আর নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই তথ্যটা আমাকেই দিতে হল।"
রাজ্যে এখনও নির্বাচনী বিধি জারি থাকায় রাজ্যপাল ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন শমীক। অন্যদিকে, খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "মুখ্যমন্ত্রী যে গুন্ডাদের রাজনীতিতে এনেছেন, তার ফল এখন সকলকে ভুগতে হচ্ছে।" শপথগ্রহণ অনুষ্ঠানের আগে এবং তদন্তের স্বার্থে শমীক ভট্টাচার্য এখন আর বেশি কিছু বলতে না চাইলেও, তাঁর কথায় চাপা উত্তেজনা ও চরম হুঁশিয়ারির সুর স্পষ্ট।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন