চেন্নাই: তামিলনাড়ুর রাজনীতিতে যেন এক ভূকম্প ঘটে গেল! দীর্ঘদিনের জোটসঙ্গী এমকে স্ট্যালিনের ডিএমকে-র সঙ্গ ত্যাগ করে দক্ষিণী মেগাস্টার থলপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজগম’ (TVK)-কে সমর্থন করার কথা ঘোষণা করল কংগ্রেস। বুধবার চেন্নাইয়ে টিভিকের সদর দফতরে গিয়ে বিজয়ের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতারা। এই সিদ্ধান্তের ফলে দাক্ষিণাত্যের রাজনীতির সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে গেল।
তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ের সঙ্গে তাঁদের এই মিতালি শুধুমাত্র সরকার গঠনের জন্য নয়। আগামী দিনে পুরসভা, পঞ্চায়েত এবং এমনকী লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই জোট অটুট থাকবে। তবে, কংগ্রেস একটি শর্ত রেখেছে - বিজয়ের জোটে এমন কোনও শক্তি থাকতে পারবে না যারা দেশের সংবিধানে বিশ্বাস করে না বা যারা সাম্প্রদায়িক।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে বিজয়ের টিভিকে। তবে সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসন। কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পাওয়ার পর বিজয়ের পাশে এখন ১১২ জন। ম্যাজিক ফিগার ছুঁতে এখনও চাই ছ'জন বিধায়ক। সূত্রের খবর, সরকার নিশ্চিত করতে ইতিমধ্যেই সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন থলপতি। বামেদের সমর্থন পেলে বিজয়ের ঝুলিতে চলে আসবে ১১৯টি আসন। যা তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর জন্য যথেষ্ট।
অন্যদিকে, কংগ্রেসের এই ‘ভোলবদল’ মেনে নিতে পারছে না স্ট্যালিন শিবির। ডিএমকে মুখপাত্র সারাভানন আন্নাদুরাই সরাসরি কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেছেন। ডিএমকে নেতা টিকেএস ইলাঙ্গোভান কটাক্ষ করে বলেন, “পশ্চিমবঙ্গ ও দিল্লিতে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবার তামিলনাড়ু থেকেও তাদের নাম মুছে যাবে।” ডিএমকে শিবিরের দাবি, বিজয়ের হাত ধরে কংগ্রেস নিজেদের হাসির পাত্রে পরিণত করেছে।
আঞ্চলিক রাজনীতিতে ফাটল ধরলেও জাতীয়স্তরে ‘ইন্ডিয়া’ জোটে কংগ্রেস ও ডিএমকে একসাথে থাকবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গ বা কেরলের মতো তামিলনাড়ুতেও হয়তো ‘আঞ্চলিকস্তরে লড়াই, কেন্দ্রে বন্ধুত্ব’—এই সূত্রেই হাঁটতে পারে দলগুলি। তবে, আপাতত সব নজর থলপতি বিজয়ের দিকে। যাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পথে এখন স্রেফ সময়ের অপেক্ষা!

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন