ডায়মন্ড হারবার: শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথগুলিতে কড়া নিরাপত্তায় চলছে পুনর্নির্বাচন। দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুই কেন্দ্র মিলিয়ে ভোটদানের গড় হার হল ৫৫.৫৭ শতাংশ। তবে, এই লড়াইয়ে ডায়মন্ড হারবারকে কিছুটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে মগরাহাট পশ্চিম।
নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ। অন্যদিকে, ডায়মন্ড হারবারের চারটি বুথে ভোটদানের হার ৫৪.৯ শতাংশ। এখনও পর্যন্ত শান্তিতেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কোথাও বড় কোনও অশান্তির খবর নেই।
দ্বিতীয় দফার ভোট শেষ হতেই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছিল। অভিযোগের পাহাড় জমেছিল কমিশনের টেবিলে! যেমন - ইভিএমে সেলোটেপ মারা, বোতামে সুগন্ধি আতর লাগানো কিংবা সিসিটিভি ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার মতো চাঞ্চল্যকর সমস্ত অভিযোগ জমা পড়েছিল। সবথেকে বিস্ফোরক অভিযোগ ছিল মগরাহাট পশ্চিম থেকে। দাবি করা হয়েছিল, ভোটারের পকেটে লুকানো 'স্পাই ক্যামেরা' দিয়ে নজর রাখা হচ্ছে যে তিনি কোন বোতাম টিপছেন!
রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এলাকা পরিদর্শন করে ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দিলেও কমিশন শেষ পর্যন্ত মগরাহাট ও ডায়মন্ড হারবারের বুথগুলিতেই ফের ভোটের সিদ্ধান্ত নেয়। ফলতায় কেন ভোট হল না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী, উত্তরপ্রদেশের ‘সিংহম’ পুলিশ আধিকারিকের নজরদারির পরেও কেন ফের বুথমুখী হতে হল ভোটারদের, সেই নিয়ে তৃণমূলের অন্দরেও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
আজকের এই পুনর্নির্বাচনের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে দুই কেন্দ্রের জয়-পরাজয়ের সমীকরণ। এখন দেখার, বিকেল পর্যন্ত ভোটদানের হার কোথায় গিয়ে দাঁড়ায়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন