নয়াদিল্লি: মে মাসের শুরুতেই কি মধ্যবিত্তের পকেটে বড় কোপ পড়তে চলেছে? বুধবার সকাল থেকেই সমাজমাধ্যমে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। যা দেখে রাতের ঘুম উড়েছে সাধারণ মানুষের। ভাইরাল হওয়া ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ১ মে থেকে এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম অনেকটা বাড়ানো হচ্ছে। তবে, এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই আসরে নামে কেন্দ্র।
কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের নাম করে ছড়ানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিপুল লোকসানের মুখে পড়ছে। এই ক্ষতি সামাল দিতে ১ মে থেকে পেট্রলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম ১২ টাকা ৫০ পয়সা বাড়ানোর ‘সিদ্ধান্ত’ নেওয়া হয়েছে। এমনকী, এতে সাম্প্রতিক লোকসানের বিস্তারিত পরিসংখ্যানও দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া এই খবরটি নজরে আসতেই প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র ফ্যাক্ট চেক ইউনিট সক্রিয় হয়ে ওঠে। পিআইবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। ভারত সরকার বা পেট্রলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুয়ো পোস্টটি শেয়ার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে তারা।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাস থেকে দেশে পেট্রল ও ডিজেলের খুচরো দাম অপরিবর্তিত রয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোট মিটে গেলেও তেলের দাম বাড়ানোর কোনো প্রস্তাব বা পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই।
তেল সংস্থাগুলি লাভ-ক্ষতির সামঞ্জস্য বজায় রেখে কাজ করছে। তাই হুট করে লিটার প্রতি ১০-১২ টাকা দাম বৃদ্ধির খবরটি স্রেফ গুজব। জনগণকে এই ধরনের স্পর্শকাতর খবর শুধুমাত্র সরকারি সূত্র থেকে যাচাই করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন