ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ—নির্বাচন কমিশনের এই কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কের জন্ম দিলেন সুরজিৎ বিশ্বাস নামের এক ব্যক্তি। দ্বিতীয় দফার নির্বাচনের দিন যখন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি, তখন কমিশনের চোখে ধুলো দিয়ে বুথের ভেতরে ফোন নিয়ে ঢুকে পড়লেন ওই যুবক।
শুধু তাই নয়, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর ইভিএম সংলগ্ন ভিভিপ্যাট (VVPAT) মেশিনে ভেসে ওঠা চিহ্নের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দিলেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রায় নয় ঘণ্টা আগে করা ওই ফেসবুক পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে প্রার্থীর নাম ও প্রতীক স্পষ্ট দেখা যাচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচনের গোপনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
কমিশনের নিয়ম অনুযায়ী, সাধারণ ভোটার তো বটেই, এমনকি বুথ এজেন্টরাও ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। বাড়ি বাড়ি ভোটার স্লিপ দেওয়ার সময়ও বিএলও-রা বারবার এই বিষয়ে সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও কীভাবে জওয়ান ও ভোটকর্মীদের নজর এড়িয়ে ওই ব্যক্তি ছবি তুললেন, তা নিয়ে নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। ভাইরাল পোস্টটিতে অনেকেই নির্বাচন কমিশনের অফিশিয়াল পেজকে ট্যাগ করে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।
যদিও পোস্টদাতার পরিচিতদের একাংশ একে ‘মক পোলিং’-এর ছবি বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী মক পোলিংয়েরও ছবি তোলা বা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। এই ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা পদক্ষেপের খবর মেলেনি, তবে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন