ঢাকা: ক্ষমতা থাকাকালীন অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ এবার খোদ নোবেলজয়ী মহম্মদ ইউনুসের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়ার মাত্র দু’দিন আগে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি মর্যাদা দিয়ে সরকারি নিরাপত্তা বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে, নবনির্বাচিত তারেক রহমানের সরকার সেই সুবিধায় বড়সড় কোপ বসাল। ইউনুসের জন্য বরাদ্দ এক বছরের বিশেষ নিরাপত্তাবাহিনীর (এসএসএফ) মেয়াদ কমিয়ে ছ'মাস করে দিল বর্তমান সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দু'দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্দেশিকা জারি করেন ইউনুস। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লা পান্নার সই করা সেই নির্দেশে বলা হয়েছিল, দায়িত্ব হস্তান্তরের পর পরবর্তী এক বছর ইউনুস ‘ভিভিআইপি’ মর্যাদা এবং এসএসএফ-এর নিরাপত্তা পাবেন। ক্ষমতা হস্তান্তরের ঠিক আগে নিজের জন্য এই বিশেষ সুবিধার ব্যবস্থা করাকে ভালো চোখে দেখছে না বর্তমান শাসকদল ও সাধারণ মানুষ।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়। এর আড়াই মাসের মাথায় ইউনুসের সেই সুযোগ-সুবিধা পর্যালোচনা করে তা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে এখন থেকে মাত্র ছ'মাস এই বিশেষ নিরাপত্তা পাবেন ইউনুস। মানবাধিকারকর্মী ও প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না এই প্রসঙ্গে কড়া ভাষায় মন্তব্য করে বলেন, “ইউনুসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন, এটা আমাদের জন্য লজ্জার।”
এদিকে ইউনুসের শাসনকালে আমেরিকার সঙ্গে সম্পাদিত বিভিন্ন বাণিজ্যচুক্তিকে ‘দেশবিরোধী’ তকমা দিয়ে ঢাকার রাস্তায় নেমেছে সাধারণ মানুষ ও বাম সংগঠনগুলি। সোমবার জাতীয় প্রেস ক্লাব থেকে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। তাদের দাবি, ইউনুস সরকারের আমলে করা সমস্ত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। এই মর্মে স্পিকারকে স্মারকলিপিও জমা দিয়েছেন আন্দোলনকারীরা।
অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকাল শেষ হলেও ইউনুসের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এখন নতুন সরকারের আতসকাচের তলায়। ‘ভিভিআইপি’ মর্যাদা কমানোর এই সিদ্ধান্ত সেই প্রক্রিয়ারই শুরু বলে মনে করছে রাজনৈতিক মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন