কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট মিটে গেলেই ফের রাজপথে নামবেন 'স্ট্রিট ফাইটার' মমতা বন্দ্যোপাধ্যায়! শোনা যাচ্ছে, আগামী ২৪ এপ্রিল - অর্থাৎ - প্রথম দফার বোটের পরদিনই দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত এক বিশাল পদযাত্রার ডাক দিয়েছেন তিনি। এই কর্মসূচির লক্ষ্য একটাই - ভোটারতালিকায় কারচুপি এবং লক্ষ-লক্ষ ভোটারের নাম বাদ পড়ার বিরুদ্ধে জনগর্জন তোলা!
তৃণমূলের অভিযোগ, ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় নজিরবিহীন কারচুপি হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। যার মধ্যে ২৭ লক্ষ ভোটারের নাম বিচারাধীন থাকার পর বাদ পড়েছে। সুপ্রিম কোর্টে এই মামলা ঝুলে থাকলেও, আসন্ন ছাব্বিশের নির্বাচনে এই বিশাল সংখ্যক ভোটার ভোট দিতে পারবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে। এই ‘ভোটাধিকার কেড়ে নেওয়ার’ প্রতিবাদকেই হাতিয়ার করে রাজপথে নামছেন মমতা।
দলীয় সূত্রে খবর, ২৪ এপ্রিল দুপুরের দিকে যাদবপুরের সুলেখা মোড় থেকে এই পদযাত্রা শুরু হবে। মিছিলটি গড়িয়াহাট পর্যন্ত যাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তের পরিস্থিতি বুঝে গন্তব্য কিছুটা বদল হতে পারে। এই মিছিলে মমতার সঙ্গী হবেন দলের শীর্ষ নেতানেত্রী এবং কলকাতার বিভিন্ন কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে এই পদযাত্রাকে তৃণমূলের বিশেষ ‘রণকৌশল’ হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।
এদিকে, আজ - অর্থাৎ - মঙ্গলবার পিংলা ও জগদ্বল্লভপুরের সভা থেকে আই-প্যাকের অন্যতম কর্তা ভিনেশ চান্ডেলের গ্রেফতারি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর আশঙ্কা, বুথ এজেন্টদেরও এবার একইভাবে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় সংস্থাগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির অঙ্গুলিহেলনেই কেন্দ্রীয় এজেন্সিগুলি ভোটের মুখে অতিসক্রিয় হয়ে উঠেছে। আগামী ২৪ এপ্রিল রাজপথের মহামিছিল থেকে সেইসব ইস্যুতেই ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন তৃণমূল সুপ্রিমো।
প্রথম দফার পর এই মেগা পদযাত্রা একদিকে যেমন জনসংযোগ বাড়াবে, অন্যদিকে ৯১ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার ইস্যুটিকে রাজ্যজুড়ে বড় রাজনৈতিক হাতিয়ারে পরিণত করবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন