নিজস্ব প্রতিনিধি: ভোটের মুখে বাংলায় বড়সড় রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে তিনি দাবি করেন, আজ মধ্যরাত থেকেই বিরোধীদের পক্ষ থেকে বিশেষ ‘অপারেশন’ শুরু হতে পারে। তবে ঠিক কী ধরনের পদক্ষেপের আশঙ্কা করছেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও নেত্রীর নিশানায় ছিল মূলত বিজেপি। তাঁর অভিযোগ, ভোট ও গণনার দিনগুলিতেও কারচুপির বড় ছক কষা হয়েছে।
মঞ্চ থেকে দলীয় কর্মী ও ভোটারদের সতর্ক করে মমতা বলেন, “ভোটের মেশিন নিয়ে খুব সাবধান। ওদের প্ল্যান হলো স্লো ভোটিং এবং স্লো কাউন্টিং করানো। শুরুতে টিভিতে দেখাবে বিজেপি জিতছে, কিন্তু সেগুলো সব মিথ্যে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টাও চলছে। আজ মধ্যরাত থেকেই সেই অপারেশন শুরু হবে, খবর আমরাও পাই।” ইভিএম কারচুপির আশঙ্কার পাশাপাশি বহিরাগতদের দিয়ে ভোট লুট এবং টাকা বিলি করার গুরুতর অভিযোগও আনেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, “কেউ নিজেদের অ্যাকাউন্ট নম্বর দেবেন না, বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।”
বিজেপির এই ‘ষড়যন্ত্র’ সত্ত্বেও জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, “আমাদের হারানোর ক্ষমতা কারও নেই, আমরাই জিতব।” ইভিএম ও গণনাকেন্দ্র নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে তিনি বলেন, গণনার শেষ পর্যন্ত কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকতে হবে। ভোটের লড়াই যে এবার বুথ স্তরেও চরম উত্তপ্ত হতে চলেছে, মমতার এই ‘মিডনাইট অপারেশন’-এর হুঁশিয়ারি তারই ইঙ্গিত দিচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন