কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে উত্তাল টলিউড। শোকের আবহ ছাপিয়ে এবার শুরু হল আইনি লড়াই। গত ২৯ মার্চ তালসারিতে শুটিং চলাকালীন অভিনেতার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সরাসরি আঙুল উঠল প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর দিকে। শনিবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে নিয়ে থানায় পৌঁছলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
শনিবার দুপুর আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানায় এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। আর্টিস্ট ফোরামের তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো তারকারা রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে এফআইআর দায়ের করতে উপস্থিত হন। তাঁদের সঙ্গে ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। অভিযোগের তির লেখিকা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর দিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তালসারিতে ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং যখন চলছিল, তখন পুলিশের কোনও অনুমতি নেওয়া হয়নি। সমুদ্রে ডুবে রাহুলের এই মৃত্যু স্রেফ দুর্ঘটনা নাকি চরম অবহেলা, তা নিয়েই উঠছে প্রশ্ন। আর্টিস্ট ফোরামের অভিযোগ, আইনি চিঠি পাঠানো হলেও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি।
এর আগে আর্টিস্ট ফোরামের নীরবতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার জবাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আমরাও প্রচণ্ড আঘাত পেয়েছি। আইনি পরামর্শ নিতেই এই তিনদিন সময় লাগল। আমরা চাই, রাহুলের ছেলে সহজ যেন বড় হয়ে জানতে পারে তার বাবা কেন চলে গেল। আমরাও উত্তর খুঁজছি যে সেদিন ঠিক কী হয়েছিল।”
প্রসঙ্গত, আজ - শনিবার বিকেলেই রাহুলের স্মরণে একটি মৌন পদযাত্রার ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম। যেখানে টলিউডের কলাকুশলী থেকে শুরু করে সাধারণ অনুরাগীদের শামিল হওয়ার কথা জানানো হয়েছে। শুটিং সেটের নিরাপত্তা এবং অভিনেতাদের জীবনের দাম নিয়ে এই লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা বিনোদন জগৎ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন