কলকাতা: নির্বাচনের প্রস্তুতি খতিয়ান নিতে আসা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউনের প্রেক্ষাপট। সোমবার দুপুরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের প্রতিনিধিরা। কিন্তু বৈঠক চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাতে গিয়েই পরিস্থিতির অবনতি ঘটে। তৃণমূলের অভিযোগ, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিমকে নজিরবিহীনভাবে ‘অপমান’ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার।
তৃণমূল প্রতিনিধিদের দাবি, ভোটার তালিকার অসঙ্গতি এবং ৬০ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে যখন তাঁরা সওয়াল করছিলেন, তখনই মেজাজ হারান কমিশনার জ্ঞানেশ কুমার। চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, তিনি কিছু বলতে গেলেই কমিশনার অত্যন্ত রুক্ষ স্বরে তাঁকে ‘Don’t shout’ (চিৎকার করবেন না) বলে ধমক দেন। একজন মহিলা জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ চন্দ্রিমা পাল্টা প্রশ্ন তোলেন, “একজন মহিলার সঙ্গে কীভাবে এমন ব্যবহার করা সম্ভব? মানুষের অধিকার রক্ষার জন্যই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি।” কমিশনের এই মেজাজ ও ব্যবহার নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
বৈঠক শেষে ফিরহাদ হাকিম সরাসরি অভিযোগ করেন যে, বিজেপি বাংলায় বিদেশি অনুপ্রবেশকারী নিয়ে যে ধারণা বা ‘পারসেপশন’ তৈরি করতে চাইছে, কমিশন সেই ফাঁদেই পা দিয়েছে। তাঁর সাফ দাবি, দু’মাসের এসআইআর প্রক্রিয়ায় কোথাও প্রমাণিত হয়নি যে তালিকায় বিদেশি রয়েছে। অথচ তথ্যগত অসঙ্গতির দোহাই দিয়ে বৈধ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। ফিরহাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিশন যদি অসাংবিধানিক পথে হেঁটে ভোটারদের নাম কাটতে চায়, তবে তা বরদাস্ত করা হবে না।
তৃণমূলের তিন প্রধান প্রশ্ন:
শাসকদলের প্রতিনিধিরা মূলত তিনটি বিষয়ের উত্তর চেয়েছেন কমিশনের কাছে—
১. কোন যুক্তিতে ৬০ লক্ষ নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে?
২. ‘ফর্ম ৭’ নিয়ে যে গরমিলের অভিযোগ উঠছে, তার দায় কার?
৩. কমিশন কি নিরপেক্ষ সংস্থার মতো আচরণ করছে, নাকি বিশেষ কোনও রাজনৈতিক দলের শিখিয়ে দেওয়া পথে হাঁটছে?
কমিশনের এই অসহযোগিতা এবং কমিশনারের আচরণ নিয়ে সরব হয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বৈধ ভোটারদের অধিকার রক্ষার এই লড়াই তাঁরা আইনি ও রাজনৈতিক— উভয় পথেই চালিয়ে যাবেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন